বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে তার উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল। একই সভায় পুনরায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত। তাই নিয়োগ অনুমোদন করা যায় না।
এরই পরিপ্রেক্ষিতে, ২০২৬ সালের ১৩ জুন ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া আজীবন নিয়োগটি বাতিল করা হলো। একই সঙ্গে ৯২তম সভার তারিখ (২০২৪ সালের ২০ জুন) থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তার উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যোগ করা হয় অফিস আদেশে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ দৈনিক এদিন’কে বলেন, ‘আমি এমন একটা চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করেছে, অন্যায় করেছে। আমার ওপর অবিচার করেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সম্মানজনক পদ ছিনিয়ে নেওয়ার নজির নেই।’
এই শিক্ষক গত ৫০ বছর যাবত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি অনেক খ্যাতনামা অধ্যাপকদের মেডিসিনের উপর ৭টিসহ ১০টির উপরে বই লেখেন, যা চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পাথেয়।
পৃথিবীব্যপী মেডিকেল শিক্ষার্থীদের সমাদৃত মেডিসিনের উপর লেখা বই ‘ডেভিডসন’স প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাক্টিস অফ মেডিসিন ও কোমার অ্যান্ড ক্লার্কের ‘ক্লিনিক্যাল মেডিসিন’ বইয়ের আন্তর্জাতিক অ্যাডভাইজারি বোর্ডেরও অন্যতম একজন সদস্য তিনি।
প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ এবং ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ ২০২৩ সালে দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানমনস্ক সাহিত্য রচনায়ও অসামান্য অবদান রাখার জন্য ২০২৩ সালে বাংলা একাডেমির ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য’ পুরস্কার লাভ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









