দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশু এই টিকা পাবে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইপিআইর নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ মাস বয়সী শিশুদের টিসিভি দেওয়া হবে। শিশুর বাম ঊরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে ০.৫ মিলিলিটার মাত্রার এক ডোজ টিকা প্রয়োগ করা হবে। একই টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভিও দেওয়া যাবে।
টিকাদান কার্যক্রম আরও কার্যকর করতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন।
এ ছাড়া অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার করতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









