দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর প্রাণহানি ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৮ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ২১৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ৭০৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ২৪৪ জন, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









