আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’র বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ অনুসরণ করে এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করা হয়।
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’র বিরুদ্ধে অভিযোগ দেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের সই করা নোটিশে বলা হয়, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা এক রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









