দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মাসের প্রথম ২৮ দিনে মারা গেছেন ১৩৬ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া মে মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যাওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের চিকিৎসা ও রোগের বিস্তার রোধে সতর্কতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









