মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যক্তির দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজারসংলগ্ন বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নসিরগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









