‘একসঙ্গে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় ডা. আমিনুল হক, ডা. রাফিয়া আফরোজসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, সময়মতো চিকিৎসা ও টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। প্রাণীর কামড়ের পর অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, কুকুরসহ কোনো প্রাণী কামড়ালে দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় টিকা নিতে হবে। পাশাপাশি প্রাণীদের নিয়মিত টিকাদান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









