জেলা জুড়ে একযোগে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৬৬ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা হতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক হয়।
প্রেস রিলিজ সুত্রে জেলা পুলিশ জানান, লক্ষ্মীপুরের ছয়টি থানায় নিয়মিত কাজের অংশ হিসেবে ডিবি পুলিশ একযোগে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে। জেলার প্রত্যেকটি থানা এলাকায় যে সব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী (পিপিএম) বলেন, “জেলার ছয়টি থানায় একযোগে অভিযান চালিয়ে ২শ ৬৬জনকে আটক করা হয়েছে। এরমধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ৫৬ জন, রামগঞ্জে ৩৮ জন, রামগতিতে ৫৩ জন ও কমলনগর থানায় ৫৬ জনকে আটক করা হয়েছে। অপরাধের সম্পৃক্ততা যাচাই করে ২শ ১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ও ৫১ জনকে সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









