সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
অধ্যাপক আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। তাদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এর মধ্যে উপাচার্য পদে পরিবর্তন আনা হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









