নতুন করে কোনো হামলা চালানো হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বড় ‘সারপ্রাইজ’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান এখন পুরোপুরি প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘বিগত দিনের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত।’
নিজের দাবির সপক্ষে মার্কিন কংগ্রেসের অদলীয় গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনের তথ্যও উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোদ মার্কিন কংগ্রেসই স্বীকার করেছে যে যুদ্ধে তাদের শত কোটি ডলার মূল্যের ডজন ডজন যুদ্ধবিমান খোয়া গেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত ওই মার্কিন গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে ইরানের বিরুদ্ধে ইসরাইলকে সঙ্গে নিয়ে মার্কিন যৌথ যুদ্ধ শুরু হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









