ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারের স্বল্প পরিচিত একজন বিধায়ক নিতিন নবীনকে (৪৫) ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের সর্বভারতীয় সভাপতি হিসেবে বেছে নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলটির এ পদক্ষেপকে তরুণ ভোটারদের ধরে রাখার প্রচেষ্টায় একটি প্রজন্মগত পরিবর্তন বলে উল্লেখ করেছে রয়টার্স।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নয়া দিল্লিতে বিজেপির সদরদপ্তরে বিদায়ী সভাপতি জে. পি. নাড্ডার (৬৫) হাত থেকে আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব নেন নিতিন নবীন (৪৫) ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নবীন সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির ১২তম সভাপতি নির্বাচিত হন। বিহারের সাবেক মন্ত্রী ও পাঁচবারের বিধায়ক নবীনকে ডিসেম্বরে বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। মোদী ও বিজেপির অন্য জ্যেষ্ঠ নেতারা পরবর্তী সভাপতি হিসেবে নবীনের নাম প্রস্তাব করার পর দলের আর কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেননি।
বিজেপির সদরদপ্তরে নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে দলটির কয়েকশ কর্মীর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ও দলটির সাবেক চার সভাপতি উপস্থিত ছিলেন।
তিন বছরের জন্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়া নবীনের দিকে নির্দেশ করে নরেন্দ্র মোদী বলেন, ‘যখন পার্টির বিষয়টি আসবে তখন আমি একজন কর্মী আর তিনি (নবীন) আমার বস।’
নিতিন নবীন মোদীর প্রশংসা করে তাকে ‘প্রজন্মের পথপ্রদর্শক’ নেতা হিসেবে উল্লেখ করেন। নবীন তরুণদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
ভারতের নির্বাচন কমিশন ও বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, দেশটির শত কোটি ভোটারের মধ্যে ৪০ শতাংশের বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









