ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পাঁচ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।
শুক্রবার (২১ আগস্ট) প্রেস্টন ক্রাউন কোর্টে বিচারক রবার্ট আলথাম এ রায় দেন।
পাঁচ কর্মী ২০২৪ সালের আগস্টে ল্যাঙ্কাশায়ারের বার্নলিতে বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর করে প্রায় ২ লাখ ১২ হাজার পাউন্ড ক্ষতি করেন। ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসে বার্কলেজের বিনিয়োগের প্রতিবাদে তারা এ কর্মকাণ্ড চালান। গত জুনে তাঁদের ফৌজদারি ক্ষতিসাধনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংশ্লিষ্টতা’ বিবেচনা করে সাজা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে আদালত শুক্রবার সেই পথে না যাওয়ার সিদ্ধান্ত দেয়।
রায়ের পর পাঁচ কর্মী এক বিবৃতিতে বলেন, তারা “অত্যন্ত স্বস্তি” পেয়েছেন। আদালতের বাইরে তাদের সমর্থকেরা উল্লাস ও ফিলিস্তিনপন্থী স্লোগান দেন।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্য প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশের অভিযোগে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন। ফলে প্রতিবাদ ও সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে দেশটিতে বিতর্কও তীব্র হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









