বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথগ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল সময়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে অনন্য সম্পর্ক। অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে দুই দেশের এই অংশীদারত্ব।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।
অভিনন্দন বার্তার শেষাংশে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সুখ, দায়িত্ব পালনে সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









