পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রদেশে ভয়াবহ তুষারধসে একটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের অন্তত নয়জনের মৃত্যু খবর জানিয়েছেন পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চিত্রল জেলার দামিল এলাকার সেরিগাল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ২০ ইঞ্চিরও বেশি তুষারপাত হওয়ার পর থেকেই ধস শুরু হয়। একপর্যায়ে নিকটবর্তী চারণভূমি থেকে প্রচুর তুষার গড়িয়ে নেমে এসে জনবিরল পাহাড়ি ওই গ্রামটির একাকী দাঁড়িয়ে থাকা এই বাড়িতে আঘাত হানে।
এই দুর্ঘটনায় বাড়ির কর্তা বাচা খান, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও দুই শ্যালিকার মৃত্যু হয়। পরিবারটির বেঁচে যাওয়া একমাত্র সদস্য হলো নয় বছরের একটি শিশু বালক। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তুষারধস যখন আঘাত হানে তখন তারা বাড়িটির মধ্যবর্তী ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলেন।
লোয়ার চিত্রলের ডিসি হাসিম আজিম জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
চিত্রল উপত্যকায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে টানা তুষারপাত হয়েছে। এতে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লোয়ারি টানেলের অ্যাপ্রোচ সড়ক প্রায় ১৮ ঘণ্টা ধরে বন্ধ হয়ে থাকায় কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। শুক্রবার সন্ধ্যায় তুষার পরিষ্কারের পর ওই পথে যান চলাচল আবার শুরু হয়।
ভারী তুষারপাত হওয়ার পর থেকে আপার ও লোয়ার চিত্রলের বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









