ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সময় দ্রুত ফুরিয়ে আসছে। উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ৭২ ঘণ্টার ‘গোল্ডেন পিরিয়ড’ শেষের পথে থাকায় জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।
দেশটির বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অথবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এতে রাজধানী কারাকাসের লা গুইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি হিসাবে এখন পর্যন্ত ভূমিকম্পে ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ায় লা গুইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা যাবে না। তবে কারা এই অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এরই মধ্যে বড় দুই ভূমিকম্পের পর একের পর এক আফটারশক বা পরাঘাত অনুভূত হচ্ছে, যা উদ্ধার তৎপরতায় নতুন করে বাধা সৃষ্টি করছে।
সূত্র: আলজাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









