গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে| দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে আঘাত হানে। এতে এলাকাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৬৯ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।
তিনি আরও জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে| আহতদের অধিকাংশই ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আইএমএফ থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার তোলা হয়েছে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জরুরি মানবিক প্রয়োজনে ভেনেজুয়েলাকে আইএমএফে থাকা নিজেদের অর্থ ব্যবহারের সুযোগ দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করেছে সংস্থাটি। তিনি জানান, এই অর্থ দেশটির ‘রিজার্ভ ট্রাঞ্চ’ থেকে নেওয়া হয়েছে।
ভূমিকম্পে গৃহহীন হওয়া প্রায় ২০ হাজার মানুষ এখনও অস্থায়ী ও জনাকীর্ণ আশ্রয়শিবিরে বসবাস করছেন। এসব শিবিরের অনেকগুলোতেই নিরাপদ পানির সরবরাহ ও যথাযথ স্যানিটেশন ব্যবস্থা নেই।
বর্তমানে আইএমএফে ভেনেজুয়েলার ৩ দশমিক ৫৬৮ বিলিয়ন ‘স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর)’ রয়েছে, যা প্রায় ৫.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে, নিকোলাস মাদুরোকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এর আগে এই অর্থ ব্যবহারে বাধা ছিল।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে চলতি বছরের জানুয়ারিতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত এপ্রিলে আইএমএফ ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। এর আগে ২০১৯ সাল থেকে সংস্থা দুটির সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক স্থগিত ছিল।
সূত্র: এএফপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









