মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী সক্ষম হবে, তাকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। সংগঠনটির দাবি, সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ উল্লেখ করে আইআরআই বলেছে, শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারী হিসেবে যাদের তারা দায়ী মনে করে, তাদের বিরুদ্ধে প্রতিশোধের চেষ্টা চালিয়ে যাবে। সংগঠনটি আরও দাবি করেছে, ‘অত্যাচারীরা কখনো শান্তি পাবে না।’
আইআরআই তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবেও উল্লেখ করেছে। বিবৃতিতে শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার মতো কঠোর ভাষা ব্যবহার করা হয়।
এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।
ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ধারণা করা হচ্ছে, এর পরই সংগঠনটির পক্ষ থেকে তার বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









