মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার আগুনে আজ সোমবার ভোররাতেও কেঁপে উঠেছে পুরো অঞ্চল। এদিন ইরানের ওপর আরও এক দফা বড় ধরনের হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই আগ্রাসনের জবাবে সিরিয়ায় ‘শত্রুবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্রে’ পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে কুয়েত।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে যে তাদের বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে। নাগরিক ও বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ জায়গায় আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার গভীর রাতে ঘোষণা করে, তারা টানা নবম রাতের মতো ইরানের ওপর এক দফা হামলা শুরু করেছেন।
সেন্টকম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, এই হামলাগুলোর লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করার পর পাল্টা জবাব হিসেবে তেহরান নিজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও কার্যকরভাবে অবরুদ্ধ করে দিতে সক্ষম হয় ইরান। এ যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যেত।
সোমবার ভোরে কুয়েতের সেনাবাহিনী জানায়, ইরানের আগ্রাসনের পর শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। কুয়েত সেনাবাহিনীর সরকারি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে আরও বলা হয়, যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে বুঝতে হবে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে সোমবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ–পূর্বে সিরিয়ার একটি শত্রু কমান্ড সেন্টারে ‘আকস্মিক হামলা’ চালিয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত আইআরএনএর এক বিবৃতিতে তারা ঘোষণা করেছে, ‘শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ’ হিসেবে সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রুপক্ষের বিশেষ অভিযান নিয়ন্ত্রণকেন্দ্রে হঠাৎ হামলা চালানো হয়েছে।
ইরান গতকাল রোববার জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা হামলার জবাবে তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের দাবি, ওই হামলাগুলোতে একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ পরিবহন ও অবকাঠামো স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জর্ডানও রোববার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









