আন্তর্জাতিক হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি ‘আপত্তিকর তেলবাহী জাহাজকে’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপের মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথে’ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি আমাদের ভূখণ্ড। হাজার হাজার কিলোমিটার দূর থেকে মার্কিন বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং এর জবাব দেওয়া হবে।’
আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নৌপথটি রাসায়নিক সার, তেল বা গ্যাস পরিবহনের জন্যও নিরাপদ থাকবে না।’
তবে আইআরজিসির এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, রবিবার (১৯ জুলাই) রাত ১০টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) অভিযান শেষ হয়।
তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এসব অভিযান চালানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









