গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাফেতে জড়ো হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেছেন ফিলিস্তিনিরা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের পর সেখানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা।
যুদ্ধ এবং প্রতিদিনের কঠিন বাস্তবতার মধ্যেও এই আয়োজন গাজার বাসিন্দাদের জন্য কয়েক ঘণ্টার স্বস্তি এনে দেয়। ফাইনাল ম্যাচ দেখার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য যুদ্ধের চাপ ও মানবিক সংকটের ভয়াবহ পরিস্থিতি থেকে মন সরিয়ে রাখতে পেরেছিলেন।
নুসেইরাত শরণার্থী শিবিরের অনেক দর্শকই স্পেনকে সমর্থন করেছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সমর্থনের কারণেই তারা দলটির পাশে দাঁড়িয়েছেন।
ফাইনাল দেখতে আসা গাজার এক বাসিন্দা বলেন, “আমরা স্পেনকে সমর্থন করতে একত্রিত হয়েছি, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।”
তিনি আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শান্তির বার্তাও দেওয়া হয়েছে।
গাজার বাসিন্দাদের ভাষায়, তারা এমন একটি জাতি, যারা শান্তি চায়।
রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখতে পারেনি।
তথ্যসূত্র : আল জাজিরা, আনাদোলু এজেন্সি ও রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









