পাকিস্তানের লাহোরে একটি বাড়ির ছাদ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ আলী ইজাজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার গভীর রাতে শহরের হারবান্সপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন ডিসি।
বিবৃতিতে বলা হয়, রেসকিউ ১১২২ সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
উদ্ধার অভিযান দ্রুত শেষ করতে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধ্বংসস্তূপের নিচে থাকা সবাইকে নিরাপদে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, বাড়ির ছাদ ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









