ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে নতুন করে ছয় বছরের জন্য কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রবিবার (৮ ফেব্রুয়ারি) মোহাম্মাদিকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তার আইনজীবী মোস্তাফা নিলি।
আইনজীবী মোস্তাফা নিলি বলেন, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।’
২০২৩ সালে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে একাধিকবার বিচারের মুখোমুখি ও কারাবরণ করতে হয়েছে।
গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারেই কাটিয়েছেন তিনি। ২০১৫ সালের পর থেকে তিনি প্যারিসে বসবাসরত যমজ সন্তানদের সঙ্গে আর দেখা করতে পারেননি।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









