ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে আরো বড় ধরনের গোয়েন্দা ভুলের ব্যাপারে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভুল হিসাব করেছে। এবার হরমুজ প্রণালি নিয়েও একই ধরনের ভুল হতে পারে বলে সতর্ক করেন তিনি।’
আরাকচি লেখেন, ‘যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে আরো বড় ভুল হিসাব হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন।’
পোস্টের শেষে আরাকচি লেখেন, ‘আল্লাহ মহান, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও মহান। আমরা আল্লাহর ওপরই ভরসা করি।’
আরাকচির এই বক্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর। বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। জলপথটির প্রসঙ্গে তিনি আরো লেখেন, ‘আমরা মনে হয় এটি ধরে রাখব।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর থেকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্র্যাক করা জাহাজের সংখ্যা কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আটটিতে নেমেছে। সামরিক উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে জাহাজগুলো এই জলপথ দিয়ে চলাচলে সতর্কতা অবলম্বন করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









