যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে আগের চেয়ে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে নতুন ধরনের অস্ত্র তৈরির কাজও চলছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে ইরানের ব্যবহৃত অস্ত্র আগের তুলনায় অনেকটাই ভিন্ন হবে। নতুন অস্ত্রগুলোতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা বাড়ানো হচ্ছে।
মোহেব্বির ভাষ্য অনুযায়ী, নতুন প্রজন্মের ওয়ারহেড তৈরির কাজ চলছে। এসব ওয়ারহেড আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। পাশাপাশি নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লাও আগের তুলনায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইরান নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাত মোকাবিলায় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতিও বাড়ানো হয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
ইরানের এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দেশটির চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









