ওমান উপসাগর ও ইরানের জ্বালানি রপ্তানির মূল কেন্দ্র খার্গ দ্বীপের কাছে থাকা ৫টি ইরানি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে অকেজো করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। অন্যদিকে, এই হামলার কড়া জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তির প্রত্যক্ষ সামরিক সংঘাত নতুন করে ভয়াবহ রূপ নিল।
গতকাল ৮ সেপ্টেম্বর এই হামলা পরিচালনা করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। এদিকে এ হামলার পাল্টা জবাব দিতে জর্ডানের আল আজরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
জর্ডানের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আল আজরাক ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ১৮ থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সেনাবাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খার্গ দ্বীপের কাছে ওমান উপসাগরে ইরানের ৫টি ট্যাংকার জাহাজে হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এক্সবার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছে, গত রোব ও সোমাবার দু’দিন হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি এবং তার প্রতিক্রিয়া হিসেবে ইরানের ৫টি ট্যাংকার জাহাজকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে সেন্টকম।
যে ৫টি ট্যাংকার জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলোর নামও প্রকাশ করেছে সেন্টকম। জাহাজগুলো হলো— এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন ১, এম/টি রিয়েস্কো এবং এম/টি দেরিয়া।
এগুলোর মধ্যে প্রথম চারটি জাহাজ ছিল ওমান সাগরে এবং পঞ্চমটি ছিল খার্গ দ্বীপের কাছে। হামলায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো ক্রু নিহত বা আহত হয়নি বলে জানিয়েছে সেন্টকম। এক্সবার্তায় বলা হয়েছে, “জাহাজগুলোতে আঘাত হেনে সেগুলোকে অকেজো করে দেওয়ার আগেই মার্কিন বাহিনী সেগুলোর ক্রুদের জাহাজ ত্যাগ করার নির্দেশ দিয়েছিল।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









