যুক্তরাষ্ট্রে একজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন।
তার আশঙ্কা, এ ধরনের সম্প্রচার ভবিষ্যতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্য সংগ্রহের হাতিয়ার হয়ে উঠতে পারে।
সোমবার সিবিএস নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে জনসন এ উদ্বেগের কথা জানান।
৫৬ বছর বয়সী নিদাল হাসানকে আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার কথা রয়েছে। ২০০৯ সালে ওই ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।
১৯৪৫ সালের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই প্রথম ঘটনা হতে পারে। তবে এ মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এবার সেই সমালোচনায় যোগ দিলেন কংগ্রেসের শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা জনসন।
সিবিএস নিউজকে তিনি বলেন, ‘আমার উদ্বেগ হলো, এর মাধ্যমে এমন একটি ভিডিও তৈরি হতে পারে, যা ভবিষ্যতে সন্ত্রাসী সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।’
তিনি আরও বলেন, ‘এর নীতিগত প্রভাব সম্পর্কে আমাদের ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে।’
রিপাবলিকান এই আইনপ্রণেতা জানান, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলেও তিনি তা দেখবেন না।
জনসন বলেন, ‘আমার কয়েকজন সহকর্মীরও এ বিষয়ে উদ্বেগ রয়েছে।’
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ধারণার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করব, যাতে মানুষ এটি দেখতে পারে। এটি জনসমক্ষে অনুষ্ঠিত হবে।’
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









