সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বসতবাড়ি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে শামসুলের বাড়ি থেকে গাছ দুটি উদ্ধার করে পুলিশ। তিনি মৃত কাশেম আলীর ছেলে।
তাড়াশ থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে প্রায় ১২ ফুট লম্বা দুটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এসআই আবুল খায়ের জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শামসুল তার বসতবাড়ির আঙিনায় বাথরুমের পেছনে সকলের অগোচরে দুটি গাঁজার গাছ চাষ করে আসছে। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের উপস্থিতিতে গাছ দুটি উদ্ধার করেছি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শামসুল ইসলাম কৌশলে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









