শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ হাজার ৮০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে পূজাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদামসংলগ্ন স্কুল মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। পাঁচবিবি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেন।
প্রতিটি প্যাকেটে ছিল একটি শাড়ি, চিনি, নারিকেলসহ বিভিন্ন পূজাসামগ্রী। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ১ হাজার টাকা।
অনুষ্ঠানে পাঁচবিবি পৌর যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হারুনুর রশিদ সজলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক নেতা অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র এবং খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী।
শামীম হোসেন মণ্ডল বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পৌরবাসীর সেবা করতে চান। এ জন্য তিনি সবার সমর্থন ও ভোট প্রত্যাশা করেন। নির্বাচিত হলে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









