প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২০ অক্টোবর নগরের মাদ্রাসা মাঠে তাঁর জনসভা সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে নগরের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসা মাঠ ও হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মাঠ পরিষ্কার, মঞ্চ নির্মাণ, দেয়াল রংকরণ ও সড়ক সংস্কারকাজের অগ্রগতি দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন শিবলী, যুবদল নেতা শরিফুল ইসলাম জনি ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে এবং জনসভা সফল করতে নেতাকর্মীরা কাজ করছেন।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির নেতারা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকেলে মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন।
এ সময় আখচাষিদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনা বিতরণের কর্মসূচিও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









