শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনা পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর পাবনা জেলায় ৩৬৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









