ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তিনি বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ানোর মতো নৈতিক বৈধতা ও সক্ষমতা—কোনোটিই নেতানিয়াহুর নেই। একই সঙ্গে নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান এসব কথা বলেন।
গোলান লেখেন, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। দেশটির সঙ্গে বারবার সংঘাতে জড়ানোর পরিস্থিতি তৈরি হওয়াই প্রমাণ করে, নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
গোলান বলেন, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত পরিচালনার মতো নৈতিক বৈধতা তো নেতানিয়াহুর নেই-ই, এমনকি এ ধরনের সংঘাত সামাল দেওয়ার মৌলিক সক্ষমতাও তাঁর নেই।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব বিকল্প সরকার গঠন করা অত্যন্ত জরুরি। কারণ, ইসরায়েলের নিরাপত্তা ও নাগরিকদের জীবন ঝুঁকির মুখে রয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী দল—কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। প্রাথমিক ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে ইহুদি বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং ফিলিস্তিনি দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
নির্বাচনে কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সরকার গঠন, জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা কিংবা নতুন করে নির্বাচন আয়োজনের মতো কয়েকটি সম্ভাবনা তৈরি হয়েছে।
দুর্নীতির মামলায় বিচার চলছে নেতানিয়াহুর
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দুর্নীতির মামলা চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে।
এ ছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধের ঘটনায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আওতায় রয়েছেন তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের এই যুদ্ধ চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









