জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সরকারের দুর্বলতার কারণে সাধারণ মানুষ আবারও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির মধ্যেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারি কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী এবং জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।
ভারতের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। তার দাবি, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া ভারতের বিরুদ্ধে সরকার শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহিদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









