২০২৮ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখনো দুই বছরের বেশি দূরে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন রিপাবলিকান দলের জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট দলের জন ওসফ ও পিট বাটিগিগ। রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দল দুটির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এমন চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে মার্কো রুবিওকে ৪৫ শতাংশ সম্ভাব্য প্রার্থী হিসেবে ‘চমৎকার’ বলে মূল্যায়ন করেছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে একইভাবে মূল্যায়ন করেছেন ৪৩ শতাংশ রিপাবলিকান ভোটার। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের ক্ষেত্রে এ হার ৩২ শতাংশ।
ডেমোক্র্যাট শিবিরে সিনেটর জন ওসফ ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বাটিগিগ দুজনই ২৯ শতাংশ করে ভোটারের কাছে ‘চমৎকার’ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। তাদের পরেই রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। দুজনের পক্ষে এ হার ২৩ শতাংশ। কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের ক্ষেত্রে তা ১৫ শতাংশ।
রিপাবলিকান শিবিরে ভ্যান্স-রুবিও আলোচনায়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর রিপাবলিকান দলের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর নাম বেশি উচ্চারিত হচ্ছে।
জরিপে রুবিও ও ভ্যান্সের প্রতি রিপাবলিকান ভোটারদের ইতিবাচক মূল্যায়ন কাছাকাছি। তবে এখনো তাঁদের কেউই ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি।
এদিকে ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণ করা উচিত, নাকি দলকে নতুন পথে এগিয়ে নেওয়া উচিত—এ নিয়ে রিপাবলিকানদের মধ্যেও মতভেদ রয়েছে। জরিপে ৫২ শতাংশ রিপাবলিকান ভোটার বলেছেন, পরবর্তী দলীয় মনোনীত প্রার্থীর ট্রাম্পের চেয়ে ভিন্নভাবে দেশ পরিচালনা করা উচিত। অন্যদিকে ৪৬ শতাংশ ভোটার ট্রাম্পের মতো নীতি অনুসরণের পক্ষে মত দিয়েছেন।
ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী কারা?
ডেমোক্র্যাটদের মধ্যে জন ওসফ ও পিট বাটিগিগের প্রতি সমর্থনের পাশাপাশি তাঁদের পরিচিতির পার্থক্যও জরিপে উঠে এসেছে। বাটিগিগ জাতীয় পর্যায়ে তুলনামূলকভাবে বেশি পরিচিত হলেও প্রায় এক-তৃতীয়াংশ ডেমোক্র্যাট ভোটার এখনো ওসফকে চেনেন না।
এ ছাড়া কমলা হ্যারিস ও গ্যাভিন নিউসমের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। ডেমোক্র্যাট শিবিরে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও মতপার্থক্য রয়েছে। ট্রাম্প প্রশাসনের বিরোধিতায় কতটা কঠোর অবস্থান নেওয়া হবে এবং অভিশংসনের উদ্যোগ নেওয়া উচিত কি না, তা নিয়েও দলটির মধ্যে আলোচনা চলছে।
ট্রাম্পের প্রভাব এখনো গুরুত্বপূর্ণ
জরিপে দেখা গেছে, ২০২৮ সালের নির্বাচন নিয়ে দুই দলের সম্ভাব্য প্রার্থীদের আলোচনা শুরু হলেও ট্রাম্পের রাজনৈতিক প্রভাব এখনো গুরুত্বপূর্ণ বিষয়। ইরান যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ রিপাবলিকানদের রাজনৈতিক অবস্থানেও প্রভাব ফেলছে।
রয়টার্স-ইপসোস জরিপটি ৬ থেকে ৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে ৫৩৮ জন ডেমোক্র্যাট এবং ৪৭৭ জন রিপাবলিকান ছিলেন। দলীয় ভোটারদের ক্ষেত্রে জরিপের ত্রুটিসীমা প্রায় ৪ থেকে ৫ শতাংশ পয়েন্ট।
তবে জরিপের ফলাফলকে নির্বাচনের চূড়ান্ত চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। এখনো কোনো সম্ভাব্য প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি। ২০২৮ সালের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি ও ভোটারদের পছন্দে পরিবর্তন আসতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









