সাংবাদিকরা নিজেরাই যখন সহিংসতার শিকার হন এবং সংঘাতের এতটা কাছাকাছি অবস্থানের পরও তাদের সাক্ষ্যকে অবিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরা হয়, তখন তারা কীভাবে যুদ্ধের খবর সংগ্রহ ও পরিবেশন করেন?
‘ইনসাইড গাজা’ নামের নতুন একটি প্রামাণ্যচিত্রে এই প্রশ্নই তুলে ধরা হয়েছে। এতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির কয়েকজন সাংবাদিকের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যারা ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইলের ভয়াবহ সামরিক অভিযানের সময় গাজায় আটকা পড়েছিলেন।
পরিচালক হেলেন লাম ত্রং এই প্রামাণ্যচিত্রে সংবাদজগতের অভিজ্ঞ সাংবাদিকদের ক্যামেরার সামনে এনেছেন। এতে দেখানো হয়েছে, নিজ শহর ধ্বংস হয়ে যাওয়া এবং পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রাণহানির মধ্যেও কীভাবে তারা নিজেদের বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানের খবর সংগ্রহের কঠিন দায়িত্ব পালন করেছেন।
লস অ্যাঞ্জেলেসে দ্য আমেরিকান ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ছবিটি সম্পর্কে স্বাধীন সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা লাম ত্রং এএফপিকে বলেন, অধিকাংশ আন্তর্জাতিক সংবাদদাতা কোনো যুদ্ধ বা সংবাদ ঘটনার খবর সংগ্রহ করে পরে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন। কিন্তু ফিলিস্তিনি সাংবাদিকদের সেই সুযোগ ছিল না।
তিনি বলেন, গাজার সাধারণ মানুষের সঙ্গে তারাও সেখানে আটকা পড়েছিলেন। বেরিয়ে যাওয়ার কোনো পথ ছিল না। দিন যত গড়িয়েছে, তারাও যুদ্ধের শিকারে পরিণত হয়েছেন।
প্রশ্নের মুখে সাংবাদিকতা-
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। এ সময় সশস্ত্র হামলাকারীরা ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে।
হামলার প্রায় সঙ্গে সঙ্গেই ইসরাইল গাজা উপত্যকার সীমান্ত বন্ধ করে বিদেশি সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা দেয়।
এরপর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল। হামলায় উপত্যকার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ অভিযানে ৭৩ হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের বিবেচনায় এ হিসাব নির্ভরযোগ্য।
নিজেদের সাংবাদিকদের সহায়তায় নতুন কোনো দল পাঠাতে না পারায় গাজার পরিস্থিতি তুলে ধরতে এএফপিকে সম্পূর্ণ নির্ভর করতে হয় স্থানীয় কর্মীদের ওপর।
তাদের অনেকেই অভিজ্ঞ সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক। আন্তর্জাতিক পর্যায়েও তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে।
লাম ত্রং বলেন, এ ধরনের সাংবাদিক না থাকলে এএফপির হাজারো সংবাদমাধ্যমের গ্রাহকের কাছে তাদের পাঠানো খবরের মাধ্যমে বাইরের বিশ্ব গাজার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জানতে পারত না।
গাজার মাঠপর্যায়ের সাংবাদিকদের তৈরি করা বিভিন্ন প্রতিবেদন, ছবি ও ভিডিও এবং পরে তারা গাজা ছেড়ে যাওয়ার পর নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।
এতে সাংবাদিকরা তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাদের প্রতিবেদন ও ছবি গণমাধ্যমে প্রকাশ না করার ঘটনায় হতাশার কথা তুলে ধরেছেন।
একটি দৃশ্যে দেখা যায়, ইসরাইলপন্থী প্রচারকারীরা একটি নিহত শিশুর প্রকৃত ছবিকে পুতুল ব্যবহার করে সাজানো দৃশ্য বলে দাবি করায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করছেন।
গাজা ব্যুরোর প্রধান আদেল জানুন বলেন, ‘এএফপির ছবি, সংবাদ প্রতিবেদন ও ভিডিও বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে। কিন্তু এই যুদ্ধে আমাদের কিছু ছবি কখনোই ব্যবহার করা হয়নি।’
তিনি বলেন, ‘এটি আমাদের উদ্বিগ্ন করেছে, এমনকি আতঙ্কিতও করেছে। কারণ, যুদ্ধের প্রথম দিনগুলো থেকেই নিহত হাজার হাজার ফিলিস্তিনি যেন গণমাধ্যমের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছিলেন।’
ঐতিহ্যবাহী সাংবাদিকতার প্রতি দর্শক-শ্রোতাদের আগ্রহ কমে যাওয়া, অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ও পছন্দের খবর প্রকাশ না করায় বিভিন্ন গণমাধ্যমকে রাজনীতিবিদদের আক্রমণের মুখে পড়ার প্রেক্ষাপটে সংবাদ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা জরুরি বলে মনে করেন লাম ত্রং।
সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন।
এএফপি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্তে বলা হয়েছে, সম্ভবত ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
লাম ত্রং বলেন, ‘বিশেষ করে গাজায় সাংবাদিকতা ও সাংবাদিকরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছেন। কারণ, সেখানে সাংবাদিকদের হত্যা, হামলা ও নিপীড়নের শিকার হতে হয়েছে।’
তিনি বলেন, ‘মাঠপর্যায়ে থেকে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য আমাদের প্রচারযুদ্ধের অংশ বলে অভিযুক্ত করা উচিত নয়।’
আলবার্ট লন্ড্রেস পুরস্কারপ্রাপ্ত লাম ত্রং আশা করছেন, আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পাওয়া এবং অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা প্রামাণ্যচিত্রটি সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে।
তিনি বলেন, ‘পুরস্কারের মৌসুমে হলিউডের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে—সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে এবং সাংবাদিকদের রক্ষা করতে হবে। শুধু সাংবাদিকতাকে নয়, সাংবাদিকদেরও।’
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









