ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাতভর চালানো এ হামলায় রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাজধানীর কয়েকটি এলাকায় ঘর গরম রাখার ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন।
এমন সময় এ হামলা হলো, যখন যুদ্ধের অবসানের পথ খুঁজতে রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ আলোচনা নিয়ে কিয়েভ, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করছিলেন।
সোমবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা হয়েছে।’’
এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছিল।
পরে আরেকটি পোস্টে ক্লিচকো বলেন, ‘‘শত্রুপক্ষের হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিষেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকায় তাপ ও পানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’’
এদিকে ইউক্রেনও রাতভর রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র।
অন্যদিকে রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী একটি প্রতীকী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, ‘‘রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনও পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। আজ রাতে, রাতভর এবং আগামীকাল পুরো দিন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার দিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘রাশিয়ার জানা উচিত, তারা যে অন্যায় করবে, তার প্রতিটিরই আমরা যথাযথ জবাব দেব।’’
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার ভোরে জানান, রাজধানীর দিকে আসা ২০টি ড্রোন প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেন রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী একটি প্রতীকী সেতুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ।
মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









