সরকার ও প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পরিকল্পনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদের মূল্যায়ন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার পথে এগোচ্ছে। এ অবস্থান থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল জনগণের সেই রায় উপেক্ষা করছে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং জনগণের প্রত্যাশাও বাধাগ্রস্ত হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা দিয়ে থানায় হামলা, আবার কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের বাড়িঘর, দোকানপাট, সিনেমা হলসহ নানা স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পাশাপাশি পুরোনো ছবি ও ভিডিও জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত উদ্বিগ্ন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে। বাস্তবে পরিস্থিতির অবনতি ঘটলেও সরকারের পক্ষ থেকে সবকিছু স্বাভাবিক বলে দাবি করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিরও অভিভাবক হিসেবে ভূমিকা রাখা প্রয়োজন।
সরকার ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের দুর্বলতা এবং প্রশাসনের কিছু ব্যক্তির পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন বলে দাবি করেন তিনি। তাদের নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি করছে বলে জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও উত্তেজনা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক। এ বিষয়ে তীব্র নিন্দা জানায় জামায়াত।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।
তিনি জানান, আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়েও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তার ভাষায়, ফ্যাসিবাদ একটি ভাইরাসের মতো। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে জামায়াত।
জুলাই সনদের গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে। সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের দিকে দেশবাসী তাকিয়ে আছে। সংসদে জুলাই সনদ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে ইতিবাচক বার্তা এলে রাজপথের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে।
গার্মেন্টস শিল্পে চলমান সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে। শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানা ও শিল্পের সুরক্ষায় মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। শ্রমিক ও শিল্প উভয়কে ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহযোগিতা করার বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বরং সরকারকে জনগণের রায় মেনে নিয়ে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক সংকটের সমাধান হলে অন্যান্য সংকট মোকাবিলাও সহজ হবে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








