ইরানের নেতাদের নওরোজ বা ফারসি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কো একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে।’
শনিবার (২১ মার্চ) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রেমলিনের ভাষ্যমতে, ‘ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠোর পরীক্ষা সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনা জানিয়েছেন।’
ক্রেমলিন আরও জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে এবং একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। পুতিন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ওয়াশিংটনের কাছে একটি শর্ত প্রস্তাব করেছিল, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিষয়ে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে ক্রেমলিন এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বের চুক্তি রয়েছে। এর প্রকাশিত কাগজ-পত্রে কোনো ‘পারস্পরিক প্রতিরক্ষা ধারা’ নেই।
এদিকে রাশিয়া বারবার বলে আসছে, তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কোর আশঙ্কা, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও তা চাইবে।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









