সংযুক্ত আরব আমিরাত গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ছোড়া ১১টি ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন প্রতিহত করেছে।
সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১ হাজার ৯৪১টি ড্রোন এবং ৪৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় আমিরাতে এখন পর্যন্ত ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮ জন।
একই সময়ে প্রতিবেশী দেশ বাহরাইনও তাদের আকাশসীমায় ৮টি ক্ষেপণাস্ত্র এবং ৭টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।
বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









