যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ বহাল থাকা অবস্থায় পাকিস্তানের শান্তি আলোচনায় কোনো প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আজ রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তাসনিম নিউজের এক সংবাদদাতা জানিয়েছেন, ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের বন্দরে যতক্ষণ মার্কিন নৌ-অবরোধ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান।
এদিকে, আগামীকাল সোমবারই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র যখন এই বৈঠককে ‘শেষ সুযোগ’ হিসেবে প্রচার করছে, তখন ইরানের এই অস্বীকৃতি পুরো শান্তি প্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একতরফা অবরোধ বজায় রেখে আলোচনার পরিবেশ সৃষ্টি হওয়া অসম্ভব। উল্লেখ্য, গত কয়েক দিনে ট্রাম্প প্রশাসন কেবল অবরোধই নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ জব্দের হুমকি এবং দেশটির বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তাদের সেনাদের ‘আঙুল ট্রিগারে’ রাখার নির্দেশ দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









