যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের আটদিন পর মিললো একজনের মরদেহ। ট্যাম্পা বে’র একটি সেতু থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি।
সপ্তাহজুড়ে চলা উদ্বেগ আর উৎকণ্ঠার পর শেষমেশ পাওয়া গেল দুঃসংবাদ। ফ্লোরিডার ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে উদ্ধার করা হলো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্র জামিল লিমনের মরদেহ। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়া এই বাংলাদেশি শিক্ষার্থীর পরিণতি যে এমন হবে, তা ভাবেননি কেউই। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার নিশ্চিত করেছেন, মরদেহটি লিমনেরই। তবে তার সাথে নিখোঁজ হওয়া বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির হদিস এখনো মেলেনি।
হিলসবোরো কাউন্টি পুলিশ প্রশাসন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, শুক্রবার সকালে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাংকলিন ব্রিজের সেতু থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে তদন্ত চলমান রয়েছে বলে পুলিশের তরফে বলা হয়েছে।
এদিকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই বড় অগ্রগতি হয় তদন্তে। লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছেই একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে অভিযান চালায় সোয়াট টিম। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসেফ মাউরার বলেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হিশামের বাসা থেকে একটি ফোনকল পান।

তিনি বলেন, বাসায় অভিযানে গেলে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসেন। পরে পুলিশ হিশাম সালেহকে বাইরে আসার নির্দেশ দেয়। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে ঘটনাস্থলে সোয়াট দলকে ডাকা হয়।
সোয়াট সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসার নির্দেশ দিলে হিশাম সালেহ আত্মসমর্পণ করেন।
পুলিশ বলেছে, লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ট্যাম্পায় নিজ বাসায় তাকে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি। পরে তাকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অন্যদিকে বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় একই দিন সকাল ১০টার দিকে; ওই সময় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে ছিলেন তিনি।
বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত (২৯) এনবিসি নিউজকে বলেন, তার বোনের সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









