ঢাকার একটি আদালতে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ) শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ দেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবীকে ধাক্কাধাক্কি করে ঢাকা আইনজীবী সমিতি ভবনে নিয়ে যাওয়া হয় এবং পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, মামলায় সরকার উৎখাত বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো উপাদান নেই এবং এটি হয়রানিমূলক মামলা। তাদের বক্তব্য চলাকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ঢাকা আইনজীবী সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম খান বলেন, বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট আইনজীবীদের সমিতি ভবনে নিয়ে গিয়ে সতর্ক করা হয়েছে এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম সভায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী অংশ নেন এবং সেখানে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনার পর গত বছরের ২৭ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে গত ৩০ জুলাই অভিযোগপত্রে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









