দুর্গাপূজা সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটার প্রস্তুতি। পূজার প্রতিটি দিনকে বিশেষ করে তুলতে নারীদের পোশাকের তালিকায় শাড়িই থাকে অন্যতম পছন্দ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভিন্ন ভিন্ন আয়োজনে পরার জন্য তাই শাড়ি বাছাইয়েও গুরুত্ব দিচ্ছেন অনেকে। উৎসবের আমেজের সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙ, নান্দনিক নকশা ও আরামদায়ক কাপড়ের শাড়ি হতে পারে পূজার সাজের অন্যতম আকর্ষণ।
উজ্জ্বল রঙে উৎসবের আমেজ
পূজার শাড়ি বাছাইয়ে উজ্জ্বল রঙ রাখতে পারেন নারীরা। কমলা, লালসহ অন্যান্য উজ্জ্বল রঙের শাড়ি উৎসবের আবহের সঙ্গে মানানসই।

এ ছাড়া লাল-সাদা থিমের শাড়িও পূজার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। যারা শৈল্পিক শাড়ি পছন্দ করেন, তাদের জন্য ফোক আর্ট ও মডার্ন আর্টের সমন্বয়ে তৈরি নকশার শাড়ি রয়েছে। ওয়ার্লি আর্ট, ফ্লোরাল মোটিফ ও প্যাটার্নওয়ার্কের শাড়িও বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া কলমকারি-অনুপ্রাণিত শাড়িও রয়েছে।
অষ্টমী থেকে অঞ্জলি—নকশায় থাকুক বৈচিত্র্য
পূজার বিশেষ দিনের জন্য ভিন্ন ধরনের নকশার শাড়িও বেছে নিতে পারেন নারীরা। তাসের রানি ও দেবীর ভাবনা মিলিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ নকশা, যেখানে পপ কালারের ব্যবহার রয়েছে। অষ্টমীর সাজে এমন শাড়ি পরা যেতে পারে। অন্যদিকে ধূসর ও লালের বৈপরীত্য এবং কালো-লালের সমন্বয়ে তৈরি শাড়িগুলো অঞ্জলি ও রাতের দাওয়াতের জন্য উপযোগী হিসেবে রাখা হয়েছে।

আরামদায়ক কাপড়েও গুরুত্ব
শাড়ির নকশার পাশাপাশি কাপড় আরামদায়ক কি না, সেটিও পূজার সাজে গুরুত্বপূর্ণ। সরলার বেশির ভাগ শাড়ি ডিজিটাল মাধ্যমে নকশা করা হয়। এ জন্য সুতি ও সিল্কের মিশ্রণে তৈরি মুন সিল্ক কাপড় ব্যবহার করা হয়। এই কাপড় আরামদায়ক এবং বাড়ি ও বাইরে পরার উপযোগী। পূজার শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে তাই উৎসবের দিনের আয়োজন, পছন্দের নকশা, রঙ এবং কাপড়ের আরাম—সবকিছুর সঙ্গে মিলিয়ে শাড়ি বেছে নিতে পারেন নারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









