মচমচে ভাজা চিকেনের সঙ্গে মধু, মাখন ও রসুনের মিষ্টি-ঝাল সসের দারুণ সমন্বয় হানি বাটার চিকেন। কোরিয়ায় জনপ্রিয় এই খাবার স্বাদে যেমন আকর্ষণীয়, তেমনি ঘরোয়া উপকরণে তৈরি করাও বেশ সহজ। বাইরে মচমচে আর ভেতরে নরম চিকেনের এই পদ নাশতা, বিকেলের আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন।
উপকরণ
চিকেন ভাজার জন্য
হাড় ছাড়া চিকেন ব্রেস্ট বা থাইয়ের মাংস
সয়া সস
গোলমরিচের গুঁড়া
১টি ডিম
কর্নস্টার্চ বা আলুর স্টার্চ
পরিমাণমতো সয়াবিন তেল
সস তৈরির জন্য
রসুনকুচি
মধু
মাখন
ব্রাউন সুগার
সয়া সস
তিলের তেল
কর্নস্টার্চ ও পানির মিশ্রণ
শুকনা মরিচের কুচি (ঐচ্ছিক)
সাজানোর জন্য ভাজা তিল ও পেঁয়াজপাতা।
প্রণালি: প্রথমে চিকেন ছোট ছোট টুকরা করে একটি পাত্রে নিন। এতে সয়া সস ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ডিম দিয়ে আবার মেশান। সবশেষে কর্নস্টার্চ বা আলুর স্টার্চ দিয়ে প্রতিটি টুকরা ভালোভাবে কোট করে নিন।
এবার প্যানে তেল গরম করে চিকেনের টুকরাগুলো অল্প অল্প করে ভাজুন। প্রথমে ১ থেকে ২ মিনিট ভেজে তুলে কয়েক মিনিট রেখে দিন। এরপর আবার গরম তেলে ২ থেকে ৩ মিনিট ভাজুন। চিকেন সোনালি ও মচমচে হয়ে এলে তুলে রাখুন। দুই ধাপে ভাজলে চিকেনের বাইরের আবরণ বেশি মচমচে হয় এবং ভেতরের মাংসও নরম থাকে।
এবার তৈরি করুন হানি বাটার সস। একটি প্যানে মাখন গলিয়ে রসুনকুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ভাজুন। রসুনের সুগন্ধ বের হলে আঁচ কমিয়ে মধু, ব্রাউন সুগার, সয়া সস ও তিলের তেল দিয়ে ভালোভাবে মেশান। ঝাল পছন্দ হলে শুকনা মরিচের কুচি দিতে পারেন।
এরপর কর্নস্টার্চ ও পানির মিশ্রণ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। সস ঘন হয়ে এলে আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে দ্রুত মিশিয়ে নিন। প্রতিটি টুকরার গায়ে যেন সস ভালোভাবে লেগে যায়, সেদিকে খেয়াল রাখুন।
পরিবেশন: চিকেনের সঙ্গে সস ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করে ওপর থেকে ভাজা তিল ও পেঁয়াজপাতা ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন মজাদার হানি বাটার চিকেন। চাইলে গরম ভাত, নুডলস কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









