চার দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর চিরবিদায় নিলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৬২ বছর৷
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু জানিয়েছেন।
তিনি বলেন, "আমীরুল আমাদের ছেড়ে চলে গেছে। রাত ১টা ০৭ মিনিটে চিকিৎসক আমাদের খবরটি নিশ্চিত করেছেন৷"
আমীরুল ইসলাম চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। তিনি অনেক দিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন৷
চ্যানেল আইয়ের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল হুদা পিটু জানিয়েছিলেন, কয়েক দিন আগে
আমিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









