চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ্ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষ, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সবশেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








