দেশে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের অন্যতম লক্ষ্য।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় যুবশক্তির কার্যালয়ে আয়োজিত ‘ছায়া বাজেট ২০২৬-২৭’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোক্তা ও উৎপাদক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি গড়ে তুলতে চায় এনসিপি। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং ব্যাংকিং খাত সংস্কারকে তারা অগ্রাধিকার দিচ্ছে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, সরকার একটি সংকটাপন্ন অর্থনীতি পেয়েছে, যেখানে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি। জ্বালানি আমদানিনির্ভরতা এবং প্রতিবছর বিপুল অর্থ ব্যয়ের বিষয়টিও অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের বোঝাও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, পূর্ববর্তী সরকারের সময় অর্থনীতি লুটপাট ও নির্দিষ্ট গোষ্ঠীকেন্দ্রিক হয়ে পড়েছিল। বিশেষ করে ব্যাংকিং খাত পরিবারনির্ভর হয়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এটি জনগণের কল্যাণে ফিরিয়ে আনতে একটি সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, কর প্রদান রাষ্ট্রের সঙ্গে নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সেই অর্থ যেন স্বাস্থ্য, শিক্ষা ও জনসেবামূলক খাতে কার্যকরভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে চায় এনসিপি।
হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, তারা কেবল সংখ্যাভিত্তিক বা কাগুজে বাজেট নয়, বরং এমন একটি বাস্তবভিত্তিক বাজেট চান, যার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
অনুষ্ঠানে এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এবং উপপ্রধান আব্দুল্লাহ আল ফয়সাল ছায়া বাজেট উপস্থাপন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









