বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত শরণার্থীদের জীবনযাত্রা ও সেবাসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সেখান থেকে বিকেল ৪টার দিকে তারা উখিয়ার উদ্দেশে রওনা হন।
পরিদর্শনের অংশ হিসেবে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের সহায়তায় স্থাপিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে ধারণা নেন।
পরবর্তীতে ১৬ ও ১৭ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এসব ক্যাম্পে স্থাপিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাব-১৫-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









