জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনায় শিক্ষা খাত নিয়ে একাধিক উদ্বেগ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এই সময়ে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও এসব সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে শিক্ষা খাতের বিভিন্ন অনিয়ম ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
টিআইবির দাবি, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি থাকার কথা থাকলেও অনেক সময় সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বরং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা গেছে। এমনকি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তিকে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগও করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকার গঠনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তনকে ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে। সহ-উপাচার্য, ট্রেজারার, ডিন ও প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠে এসেছে।
এছাড়া উপাচার্য নিয়োগ, পদোন্নতিতে দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। কিছু প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে সরকারের কিছু ইতিবাচক উদ্যোগের কথাও স্বীকার করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে—উপাচার্য নিয়োগে সার্চ কমিটির পুনর্গঠন, বিদ্যালয়ে পুনরায় ভর্তি ফি বাতিল, লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু, প্রতিবন্ধী শিশুদের বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন।
টিআইবির মতে, শিক্ষা খাতে কাঙ্ক্ষিত সুশাসন নিশ্চিত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। এজন্য প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









