প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর নিয়ে ‘কিছু নেই’ উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা মন্টু ঘোষ।
তিনি বলেছেন, “বাজেট বড়, তার অনেক ভালো দিক আছে। আর খারাপ দিকটা হচ্ছে যে, এই বাজেটটাকে কার্যকরী করার ক্ষেত্রে সক্ষমতা আছে কি না।
“সেই বিষয়ে তারা (সরকার) যত্নবান হবেন, এইটা বিশেষভাবে বলছি। আর এই বাজেটে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন নিয়ে কিছু নাই।”
রবিবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাজেট বিষয়ক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু বলেন, “আমাদের দেশের কোটি কোটি শ্রমিক, যারা উৎপাদন করে বিদেশ থেকে টাকা আনার জন্য ব্যবস্থা করেন”
“কিছুক্ষণ আগে আমার সম্মানিত বন্ধু আমার পাশেই বসে (তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতা) যেই সুন্দরভাবে এইটার, এই বাজেটের পক্ষে তার মন্তব্যগুলো করলেন, তার বিপরীত মন্তব্যগুলো করা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো পথ নাই। কারণ শ্রমিকদের জন্য এখানে (বাজেটে) কোনো কিছু বলা হয় নাই।”
নতুন বাজেটকে ‘ফাঁপা’ বর্ণনা করে শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, “দীর্ঘদিন যাবত আমরা দাবি করে আসছি, এই শ্রমিকদেরকে রেশন দেওয়া হোক। বিশেষ করে গার্মেন্টস শিল্পে যেই পরিমাণ শ্রমিক এবং তারা যেভাবে দেশের জন্য উৎপাদন করে আয় করায়, সেই ক্ষেত্রে তাদের যে বেতন, মাত্র সাড়ে ১২ হাজার টাকা।
“সেই বেতনে বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি, জিনিসের দাম বাজারে; তার সাথে তার জীবন চলা সম্ভব না। ফলে ওয়ার্কাররা ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা, ১৪ ঘণ্টা পরিশ্রম করে কোনোরকমে বেঁচে আছে। তাদেরকে যদি কোনো কারখানা ওভারটাইম না দেয়, তাহলে সেই কারখানায় সে চাকরি করতে চায় না।”
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি বলেন, “মৌলিক বিষয়টা দেখেন, জীবন থেকে— তার জীবনের চেতনার বিপরীতে সে হাঁটতে বাধ্য হচ্ছে, শুধু বেঁচে থাকার জন্য।
“সেই ক্ষেত্রে কোনো রকমের অবদান এই শ্রমিকদের জন্য আসুক, সেটা বাজেটে উল্লেখ নাই।”
মন্টু ঘোষ বলেন, “দীর্ঘদিন যাবত আমরা শ্রমিকরা রেশনের জন্য আন্দোলন করে যাচ্ছি, দাবি করে যাচ্ছি। প্রত্যেক গভর্মেন্ট সবসময় বলেছেন, ‘ইয়েস, ইট ইজ এ গুড প্রপোজাল, আমরা এটা দেখব’। এই দেখতে দেখতে দীর্ঘদিন চলে যাচ্ছে।
“এখন বর্তমান সরকার নতুনভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন, বিশেষ করে মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, তিনি যাতে এই বিষয়টা সংযুক্ত করতে পারেন, তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তির সমালোচনা করেন এই শ্রমিক নেতা।
মন্টু বলেন, “কোনোমতেই যাতে আমরা বিদেশিদেরকে এমন সুযোগ না দেই—যাতে তারা আমাদের এই বাজেটের সুযোগ নিয়ে তারা তাদের মত করে কিছু হতে পারে।
“বিশেষ করে আমেরিকার সাথে যেই চুক্তিটি ইতোমধ্যে হয়েছে, সেই চুক্তির যেই ব্যবসায়িক বিষয়, সেটা আমাদের জাতিকে প্রচুর পরিমাণে পিছিয়ে দেবে, প্রচুর পরিমাণে পিছিয়ে দেবে। এইটাকে বাতিল করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবেন, এই বাজেটকে সামনে রেখে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকারী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









