দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেলে সুপ্রিম কোর্টে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে দুদকের শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে, সোমবার (২২ জুন) দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। একই দিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি করা হয় আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান ও প্রতিটি কমিশনার পদের বিপরীতে কমপক্ষে দুইজন যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সার্চ কমিটি। পরে সেই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চূড়ান্তভাবে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।
গত ১৫ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সার্চ কমিটির মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য একটি স্বাধীন ও সক্ষম দুদক গড়ে তোলা।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৫ অনুযায়ী, দুদক একটি স্বতন্ত্র কমিশন, যা একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত। আর আইনের ধারা ৬ অনুযায়ী, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দিয়ে থাকেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









